ধর্মশাস্ত্র
যাকোব ২


অধ্যায় ২

যাকোব প্রকাশ্যে ধন, অহংকার এবং অবিশুদ্ধতার প্রতি ভালবাসার বিরুদ্ধে ঘোষণা করেন—মানুষ তাদের সহকর্মীদের সাহায্য করার জন্য ধন খুঁজতে পারে—প্রভু আজ্ঞা করেন যে নেফীয়দের মধ্যে কোনো পুরুষের একাধিক স্ত্রী থাকতে পারবে না—প্রভু মহিলাদের বিশুদ্ধতায় আনন্দিত হন। প্রায় ৫৪৪–৪২১ খ্রীষ্টপূর্বাব্দে

নেফীর ভাই, যাকোব, নেফীর মৃত্যুর পর, নেফীর লোকদের কাছে যে কথাগুলো বলেছিলেন:

এখন, আমার প্রিয় ভাইয়েরা, আমি, যাকোব, ঈশ্বরের প্রতি আমার দায়িত্ব অনুসারে, নম্রভাবে আমার পদের গৌরব করতে, এবং যাতে তোমাদের পাপ থেকে আমার বস্ত্র মুক্ত করতে পারি, আমি আজ উপরে ধর্মধামে এসেছি যাতে আমি তোমাদের কাছে ঈশ্বরের বাক্য প্রচার করতে পারি।

এবং তোমরা নিজেরাই জানো যে, আমি এখন পর্যন্ত আমার আহ্বানের পদে অধ্যবসায়ী আছি; কিন্তু আমি আজ তোমাদের আত্মার কল্যাণের জন্য অনেক বেশি আকাঙ্ক্ষা এবং উদ্বেগে হতাশাগ্রস্থ, যা আমি আগে ছিলাম না।

কারণ দেখো, এখনও পর্যন্ত, তোমরা প্রভুর বাক্যের প্রতি বাধ্য রয়েছো, যা আমি তোমাদের কাছে প্রকাশ করেছি।

কিন্তু দেখো, তোমরা আমার কথা শোনো, এবং জেনে রাখো যে স্বর্গ ও পৃথিবীর সর্বশক্তিমান সৃষ্টিকর্তার সাহায্যে আমি তোমাদের চিন্তাভাবনা সম্পর্কে বলতে পারি, তোমরা কিভাবে পাপে জীবনযাপন করতে শুরু করেছো, যে পাপ আমার কাছে খুবই ঘৃণ্য বলে মনে হচ্ছে, হ্যাঁ, এবং ঈশ্বরের কাছে‌ও ঘৃণ্য।

হ্যাঁ, এটা আমার আত্মাকে দুঃখ দেয় এবং আমার সৃষ্টিকর্তার উপস্থিতিতে আমাকে লজ্জায় সঙ্কুচিত করে তোলে যে, আমাকে তোমাদের হৃদয়ের মন্দতার বিষয়ে তোমাদের কাছে সাক্ষ্য দিতে হবে।

এবং এটা আরও আমাকে দুঃখ দেয় যে, আমাকে তোমাদের সম্পর্কে, তোমাদের স্ত্রী এবং তোমাদের সন্তানদের সামনে এতো সাহসী কথাবার্তা ব্যবহার করতে হবে, যাদের অনেকের অনুভূতি ঈশ্বরের কাছে অত্যন্ত কোমল এবং বিশুদ্ধ এবং সূক্ষ্ম, যা ঈশ্বরের কাছে আনন্দদায়ক;

এবং আমি মনে করি যে, তারা ঈশ্বরের সেই আনন্দদায়ক বাক্য শোনার জন্য এখানে এসেছে, হ্যাঁ, সেই বাক্য যা আহত আত্মাকে সুস্থ করে তোলে।

অতএব, ঈশ্বরের কাছ থেকে আমি যে কঠোর আজ্ঞা পেয়েছি সেটার কারণে, এটা আমার আত্মাকে ভারাক্রান্ত করে যে আমাকে বাধ্য হতে হবে, তোমাদের অপরাধ অনুসারে তোমাদেরকে সতর্ক করার জন্য, যারা ইতিমধ্যে আহত তাদেরকে সান্ত্বনা দেওয়ার ও ক্ষতগুলোকে নিরাময় করার পরিবর্তে, তাদের ক্ষতগুলোকে প্রসারিত করার জন্য; এবং যারা আহত হয়নি, ঈশ্বরের আনন্দদায়ক বাক্যে ভোজ করার পরিবর্তে তাদের আত্মায় ছুরি বসিয়ে বিদ্ধ করার জন্য এবং তাদের সূক্ষ্ম মনকে ক্ষত করার জন্য।

১০ কিন্তু, কাজের মহত্ত্বতা সত্ত্বেও, আমাকে অবশ্যই ঈশ্বরের কঠোর আদেশ অনুসারে করতে হবে, এবং তোমাদের মন্দতা ও জঘন্যতা সম্পর্কে তোমাদের বলতে হবে, এবং বিশুদ্ধ হৃদয়, এবং ভগ্ন হৃদয়, এবং সর্বশক্তিমান ঈশ্বরের ভেদকারী চোখের দৃষ্টির উপস্থিতিতে।

১১ অতএব, আমাকে অবশ্যই ঈশ্বরের বাক্যের সরলতা অনুসারে তোমাদেরকে সত্যি বলতে হবে। কারণ দেখো, যখন আমি প্রভুর কাছ থেকে জ্ঞানের সন্ধান করলাম, তখন এইভাবে আমার কাছে এই আদেশ এসেছিলো: যাকোব, তুমি আগামীকাল উপরে ধর্মধামে যাবে, এবং আমি তোমার কাছে যে বাক্য প্রকাশ করবো তা এই মানুষদের কাছে ঘোষণা করবে।

১২ এবং এখন দেখো, আমার ভাইয়েরা, আমি তোমাদের কাছে এই বাক্য ঘোষণা করছি যে, তোমাদের মধ্যে অনেকেই এই ভূমিতে সোনা, রূপা, এবং সমস্ত রকমের মূল্যবান ধাতুর সন্ধান করতে শুরু করেছো, যেটা হলো তোমাদের ও তোমাদের বংশধরদের জন্য প্রতিশ্রুত ভূমি, তাতে প্রচুর পরিমাণে আছে।

১৩ এবং তোমরা ঈশ্বরের দ্বারা অনেক আশীর্বাদ প্রাপ্ত হয়েছো, যে তোমরা অনেক ধনসম্পদ লাভ করেছো; এবং তোমাদের মধ্যে কেউ কেউ তোমাদের ভাইদের চেয়ে বেশি পরিমাণে লাভ করার কারণে, তোমরা তোমাদের হৃদয়ের অহংকারে উত্তোলিত হয়েছো, এবং তোমাদের পোশাকের ব্যয়বহুলতার কারণে তোমরা জেদ ও অহংকার প্রদর্শন করো, এবং তোমাদের ভাইদের নির্যাতন করো কারণ তোমরা মনে করো যে তোমরা তাদের চেয়ে ভালো।

১৪ এবং এখন, আমার ভাইয়েরা, তোমরা কি মনে করো যে ঈশ্বর এই ব্যাপারে তোমাদের ন্যায়সঙ্গত করেছেন? দেখো, আমি তোমাদেরকে বলছি, করেননি। কিন্তু তিনি তোমাদের দোষী সাব্যস্ত করেন, এবং যদি তোমরা এই সব বিষয়ে অবিরত থাকো, তবে তাঁর বিচার দ্রুতই তোমাদের কাছে আসবে।

১৫ আমি অনুনয় করি যে, তিনি তোমাদের দেখাবেন যে তিনি তোমাদেরকে বিদ্ধকরতে পারেন এবং তাঁর চোখের এক পলকে তিনি তোমাদের আঘাত করে ধুলোতে ফেলতে পারেন!

১৬ আমি অনুনয় করি যে, তিনি তোমাদের এই অন্যায় ও জঘন্য কাজ থেকে মুক্ত করবেন। এবং, আমি অনুনয় করি যে, তোমরা তাঁর আদেশের বাক্য শুনবে এবং তোমাদের হৃদয়ের এই অহংকার যেনো তোমাদের আত্মাকে ধ্বংস না করে!

১৭ তোমাদের ভাইদের নিজেদের মতো মনে করো, এবং সবার সাথে সুপরিচিত হও এবং তোমাদের সম্পদের ব্যাপারে উদার হও, যাতে তারাও তোমাদের মতো ধনী হতে পারে।

১৮ কিন্তু তোমরা ধন-সম্পদ সন্ধানের আগে, ঈশ্বরের রাজ্যের সন্ধান করো।

১৯ এবং খ্রীষ্টে একটা আশা প্রাপ্ত হওয়ার পর তোমরা ধন-সম্পদ লাভ করবে, যদি তোমরা সেগুলোর সন্ধান করো; এবং তোমরা ভালো কাজ করার জন্য সেগুলোর সন্ধান করবে—বস্ত্রহীনদের বস্ত্রদান, এবং ক্ষুধার্তকে খাওয়ানো, এবং বন্দীকে মুক্ত করা এবং অসুস্থ ও পীড়িতদের ত্রাণ প্রদানের জন্য।

২০ এবং এখন, আমার ভাইয়েরা, আমি তোমাদের কাছে অহংকার সম্পর্কে কথা বলেছি; এবং তোমাদের মধ্যে যারা তোমাদের প্রতিবেশীকে কষ্ট দিয়েছো, এবং ঈশ্বর তোমাদেরকে যা দিয়েছেন তা নিয়ে তোমাদের হৃদয়ে অহংকার ছিলো বলে তাকে নির্যাতন করেছো, তোমরা এই বিষয়ে কি চিন্তা করো?

২১ তোমাদের কি মনে হয় না যে, যিনি সমস্ত জীবিত প্রাণীকে সৃষ্টি করেছেন তাঁর কাছে এই ধরনের বিষয়গুলো ঘৃণ্য? এবং একটা সত্তা তাঁর দৃষ্টিতে অন্যটার মতোই মূল্যবান। এবং সমস্ত জীবন্ত প্রাণী ধূলিকণা থেকে; এবং একই উদ্দেশ্যে তিনি তাদের সৃষ্টি করেছেন, যাতে তারা তাঁর আজ্ঞাসকল পালন করে এবং চিরকাল তাঁকে গৌরবান্বিত করে।

২২ এবং এখন আমি এই অহংকার সম্পর্কে তোমাদের কাছে কথা বলা শেষ করছি। এবং যদি আমাকে তোমাদের সাথে কোনো জঘন্য অপরাধের বিষয়ে কথা বলতে না হতো, তবে আমার হৃদয় তোমাদের জন্য অত্যন্ত উল্লসিত হতো।

২৩ কিন্তু ঈশ্বরের বাক্য আমাকে ভারাক্রান্ত করে তোমাদের জঘন্য অপরাধের কারণে। কারণ দেখো, প্রভু এই কথা বলেন: এই মানুষেরা অন্যায়ে ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করেছে; তারা ধর্মশাস্ত্র বোঝে না, কারণ দায়ুদ ও তার শলোমনের বিষয়ে যা লেখা হয়েছে, সেগুলোর কারণে তারা ব্যভিচারে নিজেদের ন্যায্য প্রমাণ করতে চায়।

২৪ দেখো, প্রভু বলেছেন, দায়ুদ ও শলোমনের সত্যিই অনেক স্ত্রী ও উপপত্নী ছিলো, যা আমার কাছে ঘৃণ্য ছিলো।

২৫ সেইজন্য, প্রভু এই কথা বলেন, আমি আমার ক্ষমতার দ্বারা, এই মানুষদেরকে যিরূশালেমের ভূমি থেকে বের করে এনেছি, যাতে আমি যোষেফের বংশধর থেকে আমার জন্য একটা ধার্মিক জাতি তৈরি করতে পারি।

২৬ সেইজন্য, আমি প্রভু ঈশ্বর, এই মানুষদেরকে পুরানো দিনের মতো করতে দেবো না।

২৭ সেইজন্য, আমার ভাইয়েরা, আমার কথা শোনো, এবং প্রভুর বাক্য মনোযোগ সহকারে শোনো: যে তোমাদের মধ্যে কোনো পুরুষের একাধিক স্ত্রী থাকবে না; এবং তার কোনো উপপত্নীও থাকবে না;

২৮ কারণ আমি, প্রভু ঈশ্বর, নারীদের বিশুদ্ধতায় আনন্দিত। এবং ব্যভিচার আমার কাছে ঘৃণার বিষয়; বাহিনীগণের প্রভু এই কথা বলেন।

২৯ সেইজন্য, এই মানুষেরা আমার আজ্ঞাসকল পালন করবে, বাহিনীগণের প্রভু বলেন, নতুবা তাদের জন্য ভূমি অভিশপ্ত হবে।

৩০ বাহিনীগণের প্রভু বলেন, কারণ আমি যখন চাইবো, তখন আমি আমার লোকদেরকে, আমার জন্য বংশ বৃদ্ধি করতে আদেশ করবো; অন্যথায় তারা এই সকল আজ্ঞা মনোযোগ সহকারে শুনবে।

৩১ কারণ দেখো, আমি, প্রভু, যিরূশালেমের ভূমিতে আমার লোকের কন্যাদের দুঃখ দেখেছি, এবং শোক শুনেছি, হ্যাঁ, ও আমার লোকেদের সকল ভূমিতেও তাদের স্বামীদের মন্দতা ও জঘন্যতার জন্য।

৩২ এবং বাহিনীগণের প্রভু বলেন, আমি মেনে নেবো না, যে আমার লোকেদের সুন্দরী কন্যাদের আর্তনাদ, যাদেরকে আমি যিরূশালেমের ভূমি থেকে বের করে এনেছি, আমার লোকেদের মধ্যে পুরুষদের বিরুদ্ধে আমার কাছে আসবে, বাহিনীগণের প্রভু বলেন।

৩৩ কারণ আমার লোকেদের কন্যাদের কোমলতার জন্য তারা তাদেরকে বন্দী করে নিয়ে যাবে না, তা না হলে আমি তাদের কাছে যন্ত্রণাদায়ক অভিশাপ পাঠাবো, এমনকি যা ধ্বংসের জন্য যথেষ্ট; কারণ তারা পুরানো দিনের মতো, ব্যভিচার করবে না, বাহিনীগণের প্রভু বলেন।

৩৪ এবং এখন দেখো, আমার ভাইয়েরা, তোমরা জানো যে এই আজ্ঞাসকল আমাদের পিতা, লেহীকে, দেওয়া হয়েছিলো; সেইজন্য তোমরা সেগুলো সম্বন্ধে আগে থেকে অবগত রয়েছো; এবং তোমরা নিজেদেরকে গুরুতরভাবে দোষীসাব্যস্ত করেছো; কারণ তোমরা এই সব কাজ করেছো যা তোমাদের করা উচিত ছিলো না।

৩৫ দেখো, তোমরা আমাদের ভাই, লামানীয়দের চেয়েও বড় অন্যায় করেছো। তোমরা তোমাদের কোমল স্ত্রীদের মন ভেঙ্গেছো, এবং তোমাদের সন্তানদের বিশ্বাস হারিয়েছো, তাদের সামনে তোমাদের খারাপ উদাহরণের কারণে; এবং তোমাদের বিরুদ্ধে তাদের হৃদয়ের কান্না ঈশ্বরের কাছে পৌঁছায়। এবং ঈশ্বরের বাক্যের কঠোরতার কারণে, যা তোমাদের বিরুদ্ধে নেমে এসেছে, অনেকের মন ভেঙ্গেছে, গভীর ক্ষত দ্বারা বিদ্ধ হয়েছে।