অধ্যায় ৩৩
নেফীর বাক্য সত্য—সেগুলো খ্রীষ্টের সাক্ষ্য দেয়—যারা খ্রীষ্টে বিশ্বাস করে তারা নেফীর বাক্যগুলোতে বিশ্বাস করবে, সেগুলো বিচারের কাঁঠগড়ার সামনে সাক্ষী হিসাবে দাঁড়াবে। প্রায় ৫৫৯–৫৪৫ খ্রীষ্টপূর্বাব্দে
১ এবং এখন আমি, নেফী, আমার জনগণের মধ্যে যা কিছু শেখানো হয়েছিলো তার সব কিছু লিখতে পারিনি; লেখা লিখতে আমি পরাক্রমশালী নই, কথা বলাতেও একই; কারণ যখন একজন মানুষ পবিত্র আত্মার শক্তিতে কথা বলে তখন পবিত্র আত্মার শক্তিই মনুষ্য সন্তানদের হৃদয়ে তা বহন করে নিয়ে যায়।
২ কিন্তু দেখো, এমন অনেকে আছে যারা পবিত্র আত্মার বিরুদ্ধে তাদের হৃদয় কঠোর করেছে, তাদের মধ্যে তাঁর কোনো স্থান নেই; অতএব, তারা অনেক কিছুই ফেলে দেয় যা লেখা আছে এবং সেগুলোকে অসার বলে মনে করে।
৩ কিন্তু আমি, নেফী, আমি যা লিখেছি তা লিখেছি, এবং আমি এটাকে অত্যন্ত মূল্যবান বলে মনে করি, এবং বিশেষত আমার জনগণের জন্য। কারণ আমি দিনের বেলায় তাদের জন্য অবিরাম প্রার্থনা করি, এবং তাদের জন্য, আমার চোখের জলে রাতে আমার বালিশ ভিজে; এবং আমি আমার ঈশ্বরের কাছে বিশ্বাসের সাথে মিনতি করি, এবং আমি জানি তিনি আমার মিনতি শুনবেন।
৪ এবং আমি জানি যে প্রভু ঈশ্বর আমার জনগণের কল্যাণের জন্য আমার প্রার্থনা পবিত্র করবেন। এবং আমি দুর্বলতায় যে বাক্যগুলো লিখেছি সেগুলো তাদের কাছে শক্তিশালী হয়ে উঠবে; কারণ এটা তাদেরকে ভালো কাজ করতে অনুপ্রাণিত করে; এটা তাদেরকে তাদের পূর্বপুরুষদের সম্পর্কে অবহিত করে; এবং এটা যীশুর কথা বলে, এবং তাদের তাঁকে বিশ্বাস করতে, এবং শেষ পর্যন্ত স্থির থাকতে অনুপ্রাণিত করে, যা হলো অনন্ত জীবন।
৫ এবং এটা পাপের বিরুদ্ধে কঠোরভাবে কথা বলে, সত্যের সরলতা অনুসারে; অতএব, আমি যে বাক্যগুলো লিখেছি কোনো মানুষই তাতে রাগ করবে না যদি না সে শয়তানের আত্মার দ্বারা পরিচালিত না হয়।
৬ আমি সরলতায় গৌরব করি; আমি সত্যে গৌরব করি; আমি আমার যীশুতে গৌরব করি, কারণ তিনি আমার আত্মাকে নরক থেকে মুক্ত করেছেন।
৭ আমার জনগণের জন্য আমার ভালোবাসা রয়েছে, এবং খ্রীষ্টে আমার দৃঢ় বিশ্বাস আছে যে আমি তাঁর বিচার-আসনের সামনে অনেক দাগহীন আত্মার সাথে মিলিত হবো।
৮ যিহূদীদের জন্য আমার ভালোবাসা রয়েছে—আমি যিহূদীদের বলি, কারণ আমি তাদের বোঝাচ্ছি কোথা থেকে আমি এসেছি।
৯ অযিহূদীদের জন্যও আমার ভালোবাসা রয়েছে। কিন্তু দেখো, কারণ খ্রীষ্টের সাথে পুনর্মিলিত না হওয়া পর্যন্ত আমি আশা করতে পারি না যে এদের মধ্যে কেউ, সংকীর্ণ দ্বারে প্রবেশ করবে, এবং দুর্গম পথে হাঁটবে যা জীবনের দিকে নিয়ে যায়, এবং পরীক্ষাকাল শেষ না হওয়া পর্যন্ত অবিরত এই পথে চলবে।
১০ আর এখন, হে আমার প্রিয় ভাইয়েরা, এবং যিহূদীরা, এবং তোমরা পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত সকলে, এই বাক্য সকল শোনো এবং খ্রীষ্টে বিশ্বাস করো; এবং যদি তোমরা এই বাক্যগুলোতে বিশ্বাস নাও করো তবে খ্রীষ্টে বিশ্বাস করো। এবং যদি তোমরা খ্রীষ্টে বিশ্বাস করো তবে এই সকল বাক্যগুলোতেও বিশ্বাস করবে, কারণ সেগুলো খ্রীষ্টের বাক্য, এবং তিনি আমাকে সেগুলো দিয়েছেন; এবং সেগুলো সকল মানুষকে শিক্ষা দেয় যে তাদের ভালো কাজ করা উচিত।
১১ এবং যদি সেগুলো খ্রীষ্টের বাক্য না হয়, তবে তোমরা বিচার করো—কারণ খ্রীষ্ট, পরাক্রম ও মহামহিমা সহকারে শেষ দিনে, তোমাদের কাছে প্রমাণ করবেন যে, সেগুলো তাঁর বাক্য; আর তোমরা এবং আমি তাঁর বিচারের সামনে মুখোমুখি দাঁড়িয়ে থাকবো; এবং তোমরা জানতে পারবে যে আমার দুর্বলতা সত্ত্বেও, আমি তাঁর কাছ থেকে এসব বিষয়ে লিখতে আদেশ পেয়েছি।
১২ এবং আমি খ্রীষ্টের নামে পিতার কাছে প্রার্থনা করি যেনো আমাদের মধ্যে অনেকে, যদি সবাই নাও হয়, সেই মহান এবং শেষ দিনে তাঁর রাজ্যে পরিত্রাণ পেতে পারি।
১৩ এখন, হে আমার প্রিয় ভাইয়েরা, যারা সকলে ইস্রায়েলের বংশধর, এবং তোমরা পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত সকলে, যেমন একটা কন্ঠস্বর ধূলো থেকে চিৎকার করে তেমনি আমি তোমাদের জন্য বলছি: সেই মহান দিন না আসা পর্যন্ত বিদায়।
১৪ এবং তোমরা যারা ঈশ্বরের সদগুণে অংশগ্রহণ করবে না, এবং যিহূদীদের বাক্যে, এবং আমার বাক্যে, এবং ঈশ্বরের মেষশাবকের মুখ থেকে যে বাক্য বের হবে, সেগুলোকে সম্মান করবে না, দেখো, আমি তোমাদের চিরস্থায়ী বিদায় জানাচ্ছি, কারণ এই বাক্যগুলো শেষ দিনে তোমাদের দোষী সাব্যস্ত করবে।
১৫ কারণ আমি পৃথিবীতে যা সীলমোহর করবো, বিচারের কাঁঠগড়ার সামনে সেগুলো তোমাদের বিরুদ্ধে আনা হবে; কারণ প্রভু আমাকে এইরূপ আদেশ দিয়েছেন, এবং আমি অবশ্যই তা পালন করবো। আমেন।