ধর্মশাস্ত্র
২ নেফী ২৯


অধ্যায় ২৯

অনেক অযিহূদীরা মরমনের পুস্তক প্রত্যাখ্যান করবে—তারা বলবে, আমাদের আর কোনো বাইবেলের দরকার নেই—প্রভু অনেক জাতির সাথে কথা বলেন—যে পুস্তকগুলো লেখা হবে সেগুলো অনুসারে তিনি জগতের বিচার করবেন। প্রায় ৫৫৯–৫৪৫ খ্রীষ্টপূর্বাব্দে

কিন্তু দেখো, সেই দিন অনেকে থাকবে—যখন আমি তাদের মধ্যে এক আশ্চর্য কাজ করতে অগ্রসর হবো, যাতে মনুষ্য সন্তানদের সাথে আমি যে চুক্তি করেছি, তা আমি স্মরণ করতে পারি, আমার জনগণকে উদ্ধার করার জন্য আমি দ্বিতীয়বার হাত বাড়াতে পারি, যারা হলো ইস্রায়েলের বংশধর;

এবং এছাড়াও, তোমার কাছে, নেফী, এবং তোমার পিতার কাছে আমি যে প্রতিজ্ঞা করেছি তা আমি স্মরণ করবো, যে তোমার বংশকে আমি স্মরণ করবো; এবং তোমার বংশের বাক্যগুলো যেনো আমার মুখ থেকে তোমার বংশের দিকে প্রবাহিত হয়; এবং আমার বাক্যগুলো পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত ইস্রায়েলের বংশের কাছে, আমার জনগণের কাছে একটা আদর্শ হিসেবে পৌঁছায়;

এবং যেহেতু আমার বাক্যগুলো দ্রুতই ছড়িয়ে পড়বে—অযিহূদীদের মধ্যে অনেকে বলবে: একটা বাইবেল! একটা বাইবেল! আমরা একটা বাইবেল পেয়েছি, এবং আর কোনো বাইবেল থাকতে পারে না।

কিন্তু প্রভু ঈশ্বর এই কথা বলেন: হে নির্বোধ, তাদের একটা বাইবেল থাকবে; এবং এটা আমার প্রাচীন চুক্তিবদ্ধ জনগণ, যিহূদীদের মধ্য থেকে আসবে। এবং বাইবেল যা তারা তাদের কাছ থেকে পেয়েছে তার জন্য তারা যিহূদীদের কিরুপ ধন্যবাদ জানায়? হ্যাঁ, অযিহূদীরা কি বোঝাতে চায়? অযিহূদীদের পরিত্রাণ আনার জন্য যিহূদীদের কষ্ট, যন্ত্রণা, এবং পরিশ্রম, এবং আমার প্রতি তাদের অধ্যবসায়ের কথা তারা কি স্মরণ করে?

হে অযিহূদীরা, তোমরা কি আমার প্রাচীন চুক্তিবদ্ধ জনগণ, যিহূদীদের কথা স্মরণ করেছো? না; কিন্তু তোমরা তাদেরকে অভিশাপ দিয়েছো, এবং তাদেরকে ঘৃণা করেছো, এবং তাদেরকে পুনরুদ্ধারের চেষ্টা করোনি। কিন্তু দেখো, আমি এই সমস্ত জিনিস তোমাদের উপর ফিরিয়ে দেবো; কারণ আমি প্রভু আমার জনগণকে ভুলে যাইনি।

তোমরা নির্বোধ, তাই বলবে: একটা বাইবেল, আমরা একটা বাইবেল পেয়েছি, এবং আমাদের আর কোনো বাইবেলের প্রয়োজন নেই। তোমরা কি যিহূদীদের ছাড়া একটা বাইবেল অর্জন করেছো?

তোমরা কি জানো না যে একের অধিক জাতি রয়েছে? তোমরা কি জানো না যে, আমি তোমাদের প্রভু ঈশ্বর, সকল মানুষকে সৃষ্টি করেছি, এবং সেই আমিই সমুদ্রের দ্বীপপুঞ্জের উপর যারা আছে তাদের স্মরণ করি; এবং সেই আমিই উপরে আকাশমণ্ডল এবং নীচে পৃথিবীতে রাজত্ব করি; এবং আমি মনুষ্য সন্তানদের কাছে, হ্যাঁ, পৃথিবীর সমস্ত জাতির কাছেও আমার বাক্য প্রকাশ করি?

অতএব কেনো তোমরা বচসা করছো, তোমরা আমার বাক্য আরও বেশি গ্রহণ করবে সেই কারণে? তোমরা কি জানো না যে দুটো জাতির সাক্ষ্য তোমাদের কাছে এই সাক্ষী দিচ্ছে যে আমিই ঈশ্বর, আমি এক জাতির মতো অন্য জাতিকে স্মরণে রাখি? অতএব, আমি এক জাতির মতো অন্য জাতির সাথে একই কথা বলি। এবং যখন দুই জাতি একত্রে চলবে তখন দুই জাতির সাক্ষ্যও একসঙ্গে চলবে।

এবং আমি এটা করি যাতে আমি অনেকের কাছে প্রমাণ করতে পারি যে, আমি গতকাল, আজ, এবং চিরকাল একই; এবং আমি আমার নিজের ইচ্ছা অনুসারে আমার কথাগুলো প্রকাশ করি। এবং সেই কারণে আমি একটা কথা বলেছি তাই তোমাদের মনে করা উচিত নয় যে আমি আর একটা কথা বলতে পারি না; কারণ আমার কাজ এখনও শেষ হয়নি; মানুষের শেষ না হওয়া পর্য্ন্ত তা হবে না, সেই সময় থেকে এবং চিরকালও হবে না।

১০ অতএব, তোমাদের একটা বাইবেল আছে সেই কারণে তোমাদের মনে করা উচিত নয় যে এতে আমার সমস্ত বাক্যগুলো রয়েছে; তোমাদের এটাও মনে করা উচিত নয় যে আমি এর বেশি কিছু লিখতে বলিনি।

১১ কারণ আমি পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণে এবং সমুদ্রের দ্বীপপুঞ্জের সমস্ত জনগণকে আদেশ দিচ্ছি, যেনো আমি তাদের কাছে যে বাক্যগুলো বলি তা তারা লিখে রাখে; কেননা যে সকল পুস্তক লেখা হবে সেগুলো অনুসারে আমি জগতকে বিচার করবো, প্রত্যেকের কাজ অনুসারে, যা লেখা আছে সেই অনুসারে।

১২ কারণ দেখো, আমি যিহূদীদের সাথে কথা বলবো এবং তারা তা লিখবে; এবং আমি নেফীয়দের সাথেও কথা বলবো এবং তারা তা লিখবে; এবং আমি ইস্রায়েলের বংশের অন্যান্য গোষ্ঠীর সাথেও কথা বলবো, যাদের আমি দূরে সরিয়ে দিয়েছি, এবং তারা তা লিখবে; এবং আমি পৃথিবীর সমস্ত জাতির কাছেও কথা বলবো এবং তারা তা লিখবে।

১৩ এবং এটা ঘটবে যে, যিহূদীরা নেফীয়দের বাক্যগুলো লাভ করবে, এবং নেফীয়রা যিহূদীদের বাক্যগুলো লাভ করবে; এবং নেফীয়রা এবং যিহূদীরা ইস্রায়েলের হারানো গোষ্ঠীর বাক্যগুলো পাবে; এবং ইস্রায়েলের হারানো গোষ্ঠীগুলো নেফীয়দের এবং যিহূদীদের বাক্যগুলো লাভ করবে।

১৪ এবং এটা ঘটবে যে আমার জনগণ, যারা ইস্রায়েলের বংশধর, তারা নিজস্ব ভূমিতে স্বদেশে একত্রিত হবে; এবং আমার বাক্যও এক জায়গাতে একত্রিত হবে। এবং যারা আমার বাক্যের বিরুদ্ধে ও আমার জনগণ, যারা ইস্রায়েলের বংশধর, তাদের বিরুদ্ধে যুদ্ধ করে, আমি তাদের দেখাবো যে, আমিই ঈশ্বর, এবং আমিই আব্রাহমের সাথে চুক্তি করেছি যে আমি তাঁর বংশকে চিরকাল স্মরণ করবো।