অধ্যায় ৩০
ধর্মান্তরিত অযিহূদীদের চুক্তিবদ্ধ জনগণের সাথে গণনা করা হবে—অনেক লামানীয় ও যিহূদী বাক্যে বিশ্বাস করবে এবং আনন্দিত হয়ে উঠবে—ইস্রায়েলকে পুনরুদ্ধার করা হবে এবং দুষ্টদের ধ্বংস করা হবে। প্রায় ৫৫৯–৫৪৫ খ্রীষ্টপূর্বাব্দে
১ এবং এখন দেখো, আমার প্রিয় ভাইয়েরা, আমি তোমাদের সাথে কথা বলবো; কারণ আমি, নেফী, সম্মতি দিই না যে তোমরা মনে করো যে তোমরা অযিহূদীদের চেয়ে বেশি ধার্মিক। কারণ দেখো, ঈশ্বরের আজ্ঞা পালন না করলে তোমরা সকলেই একইভাবে ধ্বংস হবে; এবং যে বাক্যগুলো বলা হয়েছে সেগুলোর জন্য তোমরা মনে করো না যে অযিহূদীরা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।
২ কারণ দেখো, আমি তোমাদেরকে বলছি অযিহূদীদের মধ্যে যতজন অনুতাপ করবে, তারা প্রভুর চুক্তিবদ্ধ জনগণ; এবং যিহূদীদের মধ্যে যতজন অনুতাপ করবে না, তাদের বিতাড়িত করা হবে; কারণ যারা অনুতাপ করে এবং ইস্রায়েলের পবিত্রতম পুত্রের উপর বিশ্বাস করে, তারা ছাড়া প্রভু আর কারও সঙ্গে চুক্তি করেন না।
৩ এবং এখন, আমি যিহূদী ও অযিহূদীদের বিষয়ে আরও কিছু ভবিষ্যদ্বাণী করবো। কারণ আমি যে পুস্তকের কথা বলেছি তা প্রকাশিত হওয়ার পর, অযিহূদীদের কাছে লেখা হবে, এবং প্রভুর উদ্দেশ্যে পুনরায় সীলমোহর করা হবে, তখন অনেকেই লিখিত বাক্যে বিশ্বাস করবে; এবং তারা সেগুলো বহন করে আমাদের বংশধরদের অবশিষ্টাংশের কাছে নিয়ে যাবে।
৪ এবং তখন আমাদের বংশধরদের অবশিষ্টাংশেরা আমাদের বিষয়ে জানতে পারবে, আমরা কীভাবে যিরূশালেম থেকে বের হয়ে এসেছি, এবং যে তারা যিহূদীদের বংশধর।
৫ এবং যীশু খ্রীষ্টের সুসমাচার তাদের মধ্যে ঘোষণা করা হবে; অতএব, পিতৃপুরুষদের জ্ঞানে এবং যীশু খ্রীষ্টের জ্ঞানে তাদের পুনরুদ্ধার করা হবে, যা তাদের পূর্বপুরুষদের মধ্যে ছিলো।
৬ এবং অতঃপর তারা আনন্দ করবে; কারণ তারা জানবে যে এটা ঈশ্বরের হাত থেকে তাদের জন্য একটা আশীর্বাদ; এবং তাদের চোখ থেকে অন্ধকারের আঁশ পড়তে শুরু করবে; এবং তারা একটা বিশুদ্ধ ও আনন্দময় সম্প্রদায় হওয়া ছাড়া, তাদের মধ্যে বহু প্রজন্ম অতিবাহিত হবে না।
৭ এবং এটা ঘটবে যে, যিহূদীরা যারা ছড়িয়ে পড়েছিলো তারাও খ্রীষ্টে বিশ্বাস করতে শুরু করবে; এবং তারা ভূমির সম্মুখভাগে সমবেত হতে শুরু করবে; এবং যতো মানুষ খ্রীষ্টে বিশ্বাস করবে তারা আনন্দিত জনগণ হয়ে উঠবে।
৮ এবং এটা ঘটবে যে, প্রভু ঈশ্বর পৃথিবীতে তাঁর জনগণকে পুনঃপ্রতিষ্ঠা করতে, সমস্ত জাতিসমূহ, সম্প্রদায়, ভাষার, এবং মানুষদের মধ্যে তাঁর কাজ শুরু করবেন।
৯ এবং প্রভু ঈশ্বর ধার্মিকতার সহিত দরিদ্রদের বিচার করবেন, এবং পৃথিবীর নম্রদের ন্যায়ের সাথে তিরস্কার করবেন। এবং তিনি তাঁর মুখের দন্ড দিয়ে পৃথিবীকে আঘাত করবেন; এবং তাঁর ঠোঁটের নিঃশ্বাস দিয়ে দুষ্টদের বধ করবেন।
১০ কারণ সেই সময় অতি শীঘ্রই উপস্থিত হবে যখন প্রভু ঈশ্বর জনগণের মধ্যে বিরাট বিবাদ সৃষ্টি করবেন, এবং দুষ্টদের তিনি ধ্বংস করবেন; আর তিনি তাঁর জনগণকে রক্ষা করবেন, হ্যাঁ, যদি এমনও হয় তাঁকে আগুনের দ্বারা দুষ্টদের ধ্বংস করতে হবে।
১১ এবং ধার্মিকতা হবে তাঁর কটিবাস, এবং বিশ্বস্ততা হবে তাঁর কটিবন্ধনী।
১২ এবং অতঃপর নেকড়েবাঘ মেষশাবকের সাথে বাস করবে; এবং চিতাবাঘ ছাগলছানার পাশে শুয়ে থাকেব, এবং বাছুর, ও যুব সিংহ, ও হৃষ্টপুষ্ট পশু, এক সাথে থাকবে; এবং একটা ছোট্ট শিশু তাদের চালনা করবে।
১৩ এবং গাভী ও ভাল্লুক একসাথে চড়ে বেড়াবে; তাদের বাচ্চারা একসাথে শুয়ে থাকবে; এবং সিংহ বৃষের মতো খড় খাবে।
১৪ এবং দুধের শিশুটা সাপের গর্তের উপর খেলবে, এবং মাতৃদুগ্ধ ছাড়ানো শিশু বিষধর সাপের গর্তের মধ্যে হাত রাখবে।
১৫ তারা আমার সমস্ত পবিত্র পর্বতের মধ্যে আঘাত বা ধ্বংস করবে না; কারণ জল যেমন সমুদ্রকে ঢেকে রাখে তেমনি পৃথিবী প্রভুর জ্ঞানে পরিপূর্ণ হবে।
১৬ অতএব, সমুদয় জাতির বিষয় প্রকাশিত হবে; হ্যাঁ, মনুষ্য সন্তানদের কাছে সমস্ত কিছু জানানো হবে।
১৭ গোপন কিছুই থাকবে না কিন্তু সকলই প্রকাশিত হবে; অন্ধকারের কোনো কাজ থাকবে না কিন্তু সকলই আলোতে প্রকাশিত হবে; এবং পৃথিবীতে সীলমোহর করা কোনো কিছুই থাকবে না কিন্তু সকলই বন্ধন মুক্ত করা হবে।
১৮ অতএব, মনুষ্য-সন্তানদের কাছে যা কিছু প্রকাশিত হয়েছে তা সেই দিনে প্রকাশিত হবে; এবং মনুষ্য-সন্তানদের হৃদয়ের উপর শয়তানের আর কর্তৃত্ব থাকবে না, দীর্ঘকাল পর্যন্ত। এবং এখন, আমার প্রিয় ভাইয়েরা, আমি আমার কথা শেষ করি।