ধর্মশাস্ত্র
২ নেফী ২৮


অধ্যায় ২৮

শেষকালে অনেক মিথ্যা মন্ডলী গড়ে উঠবে—তারা মিথ্যা, নিরর্থক ও জ্ঞানহীন উপদেশাবলী শিক্ষা দেবে—মিথ্যা শিক্ষকদের কারণে ধর্মত্যাগ যুগ প্রভাববিস্তার করবে—মানুষের হৃদয়ে শয়তান ক্রোধ সৃষ্টি করবে—সে সব ধরনের মিথ্যা উপদেশাবলী শিক্ষা দেবে। প্রায় ৫৫৯–৫৪৫ খ্রীষ্টপূর্বাব্দে

‌এবং এখন, দেখো, আমার ভাইয়েরা, আত্মায় বাধ্য হয়ে, আমি তোমাদের সাথে কথা বলেছি; অতএব, আমি জানি যে সেগুলো অবশ্যই ঘটবে।

এবং এই পুস্তকে যে বিষয়গুলো লেখা হবে মনুষ্য সন্তানদের জন্য সেগুলো মহা মূল্যবান হবে, এবং বিশেষ করে আমাদের বংশধরদের কাছে, যারা ইস্রায়েল বংশের একটা অবশিষ্টাংশ।

কারণ সেই দিন এমন ঘটবে যে সকল মন্ডলী গড়ে উঠেছে, এবং যেগুলো প্রভুর উদ্দেশ্যে নয়, তখন একজন অন্য জনকে বলবে: দেখো, আমি, আমিই হলাম প্রভুর; এবং অন্যেরা বলবে: আমি, আমিই হলাম প্রভুর; এবং এইরূপে প্রত্যেকে বলবে যারা মন্ডলী গড়ে তুলেছে, এবং সেগুলো প্রভুর উদ্দেশ্যে নয়—

এবং তারা একে অপরের সাথে বিবাদ করবে; এবং তাদের যাজকেরা একে অপরের সাথে বিবাদ করবে, এবং তারা তাদের জ্ঞান দ্বারা শিক্ষা দেবে, এবং পবিত্র আত্মাকে অস্বীকার করবে, যিনি বাকশক্তি দেন।

এবং তারা ইস্রায়েলের পবিত্রতম, ঈশ্বরের ক্ষমতাকে অস্বীকার করেছে; এবং তারা জনগণকে বলে: আমাদের কথা শোনো, এবং আমাদের উপদেশ শোনো; কারণ দেখো আজ কোনো ঈশ্বর নেই, কারণ প্রভু ও মুক্তিদাতা আপন কার্য সম্পন্ন করেছেন, এবং তিনি মানুষদেরকে তাঁর ক্ষমতা দিয়েছেন;

দেখো, তোমরা আমার উপদেশ শোনো; যদি তারা বলে যে প্রভুর হাতের দ্বারা একটা আশ্চর্যকাজ ঘটানো হয়েছে, তবে তা বিশ্বাস করো না; কারণ এই দিনে তিনি আশ্চর্যকাজের ঈশ্বর নন; তিনি তাঁর কাজ সম্পন্ন করেছেন।

হ্যাঁ, এবং সেখানে অনেকেই থাকবে যারা বলবে: খাও, পান করো, এবং আনন্দ করো, কারণ আগামীকাল আমরা মারা যাবো; এবং এটাই আমাদের পক্ষে ভালো হবে।

এবং সেখানে আরো অনেকেই থাকবে যারা বলবে: খাও, পান করো, এবং আনন্দ করো; তবুও, ঈশ্বরকে ভয় করো—তিনি ছোটো একটা পাপ করার জন্য দোষী সাবস্ত্য করবেন; হ্যাঁ, একটু মিথ্যা বলা, একজনের কথার কারণে তার সুবিধা নেওয়া, তোমার প্রতিবেশীর জন্য গর্ত খোঁড়া; এতে কোনো ক্ষতি নেই; এবং এই সমস্ত কাজ করো, কারণ আগামীকাল আমরা মারা যাবো; এবং যদি আমরা দোষী হই, তবে ঈশ্বর আমাদের কয়েকটা বেত্রাঘাত করবেন, এবং অবশেষে আমরা ঈশ্বরের রাজ্যে মুক্তি পাবো।

হ্যাঁ, এবং সেখানে অনেকেই থাকবে যারা এই প্রকারে শিক্ষা দেবে, মিথ্যা, নিরর্থক এবং জ্ঞানহীন উপদেশাবলী, এবং তাদের হৃদয়ে অহংকারী করে তুলবে, এবং প্রভুর কাছ থেকে তাদের পরামর্শগুলো গোপন করার জন্য গভীরভাবে চেষ্টা করবে; আর তাদের সব কর্ম হবে অন্ধকারের।

১০ এবং ধার্মিকগণের রক্ত তাদের বিরুদ্ধে ভূমি থেকে কেঁদে উঠবে।

১১ হ্যাঁ, তারা সবাই বিপথে চলে গেছে; তারা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে।

১২ অহংকারের কারণে, এবং মিথ্যা শিক্ষকদের, এবং মিথ্যা উপদেশাবলীর কারণে, তাদের মন্ডলীগুলো দুর্নীতিগ্রস্ত হয়েছে, এবং তাদের মন্ডলীগুলো উপরে তোলা হয়েছে; অহংকারের কারণে তারা গর্বিত হয়েছে।

১৩ তারা গরীবদের লুট করে তাদের সুন্দর পবিত্র স্থানের জন্য; তারা তাদের সুন্দর পোশাকের জন্য গরীবদের লুট করে; এবং যারা নম্র এবং আত্মাতে দীনহীন তাদের নির্যাতন করে, কারণ তারা গর্বে অহংকারী হয়ে উঠেছে।

১৪ তারা জেদী এবং অহংকারী হয়েছিলো; হ্যাঁ, এবং অহংকার, এবং মন্দতা, এবং জঘন্যতা, এবং ব্যাভিচারের কারণে, তারা সকলেই বিপথে গেছে অল্প কয়েকজন ছাড়া, যারা খ্রীষ্টের নম্র অনুসারী; তবুও, তারা পরিচালিত হয়েছে, তাই অনেক ক্ষেত্রে তারা ভুল করে কারণ মানুষের উপদেশ দ্বারা তাদের শেখানো হয়।

১৫ হে বিজ্ঞ, এবং জ্ঞানী, এবং ধনীরা, যারা তাদের হৃদয়ের অহংকারে গর্বিত হয়েছো, এবং তারা সকলে যারা মিথ্যা উপদেশাবলী প্রচার করে, এবং যারা ব্যাভিচার করে, এবং প্রভুর সঠিক পথকে বিকৃত করে, ধিক, ধিক, ধিক তাদেরকে, কারণ তাদেরকে নরকে নিক্ষেপ করা হবে, সর্বশক্তিমান প্রভু ঈশ্বর বলেছেন!

১৬ ধিক তাদের যারা ন্যায়পরায়ণতাকে অসার জিনিসের জন্য দূরে সরিয়ে রাখে এবং যা ভালো তার বিরুদ্ধে নিন্দা করে, এবং বলে যে এর কোনো মূল্য নেই! কারণ এমন দিন আসবে যে প্রভু ঈশ্বর দ্রুতই পৃথিবীর অধিবাসীদের সাথে দেখা করবেন; এবং সেইদিন তারা যদি অন্যায় দ্বারা পরিপূর্ণ হয়ে যায় তারা ধ্বংস হয়ে যাবে।

১৭ কিন্তু দেখো, পৃথিবীর অধিবাসীরা যদি তাদের মন্দতা এবং জঘন্যতার জন্য অনুতাপ করে তবে তারা ধ্বংস হবে না, বাহিনীগণের প্রভু এই কথা বলেছেন।

১৮ কিন্তু দেখো, সেই মহৎ ও ঘৃণ্য মন্ডলী, সমস্ত পৃথিবীর পতিতা, পৃথিবীতে আছড়ে পড়বে, এবং অবশ্যই গুরুতর হবে তার পতন।

১৯ কারণ শয়তানের রাজ্য অবশ্যই কম্পিত হবে, এবং যারা এতে বাস করে তাদের অবশ্যই অনুতাপের জন্য উঠে দাঁড়াতে হবে, নয়তো শয়তান তাদেরকে তার চিরস্থায়ী শিকল দ্বারা আঁকড়ে ধরবে, এবং তারা ক্রোধে উত্তেজিত হবে, এবং ধ্বংস হবে;

২০ কারণ দেখো, সেই দিন সে মনুষ্য সন্তানদের হৃদয়ে প্রচন্ড ক্রোধ সৃষ্টি করবে, এবং যা ভালো তার বিরুদ্ধে ক্রোধে তাদেরকে উত্তেজিত করবে।

২১ এবং অন্যদের সে শান্ত করবে, এবং তাদেরকে জাগতিক নিরাপত্তা দেবে, যাতে তারা বলবে যে: সিয়োনে সকলই ভালো; হ্যাঁ, সিয়োন উন্নতিলাভ করুক, সেখানে সবই ভালো—এবং এইভাবে শয়তান তাদের আত্মাকে প্রতারণা করে, এবং তাদেরকে সাবধানে নরকে পরিচালিত করে।

২২ এবং দেখো, অন্যদের সে অত্যাধিক প্রশংসা করে, এবং তাদের বলে যে নরক নেই; এবং সে তাদের বলে: আমি শয়তান নই, কারণ সেরকম কেউ নেই—এবং এইভাবে সে তাদের কানে ফিসফিস করে বলে, যতক্ষণ না সে তার ভয়ঙ্কর শিকল দিয়ে তাদের আবদ্ধ করে, যেখান থেকে আর কোন মুক্তি নেই।

২৩ হ্যাঁ, তারা মৃত্যু এবং নরকে আবদ্ধ হবে; এবং মৃত্যু, এবং নরক, এবং শয়তান, এবং যা কিছু এর দ্বারা দখল করা হয়েছে তাদের অবশ্যই ঈশ্বরের সিংহাসনের সামনে দাঁড়াতে হবে এবং তাদের কাজ অনুসারে বিচার করা হবে, তারা সেখান থেকে সেই স্থানে যাবে যা তাদের জন্য প্রস্তুত করা হয়েছে, এমনকি আগুন ও গন্ধকের একটা হ্রদে, যা অন্তহীন যন্ত্রণার।

২৪ অতএব, ধিক তাকে যে সিয়োনে স্বাচ্ছন্দ্য বোধ করে!

২৫ ধিক তাকে যে চিৎকার করে বলে: সব ঠিক আছে!

২৬ হ্যাঁ, ধিক তাকে যে মানুষের উপদেশ শোনে, এবং ঈশ্বরের ক্ষমতা, এবং পবিত্র আত্মার দানকে অস্বীকার করে!

২৭ হ্যাঁ, ধিক তাকে যে বলে: আমরা পেয়েছি, এবং আমাদের আর প্রয়োজন নেই!

২৮ এবং পরিশেষে, ধিক তাদের সকলকে যারা ঈশ্বরের সত্যের কারণে কাঁপে, এবং ক্রুদ্ধ হয়! কারণ দেখো, যে পাথরের উপরে নির্মিত হয় সে আনন্দের সহিত তা গ্রহণ করে; এবং যে বালুকাময় ভিত্তির উপর নির্মিত হয় সে কাঁপে পাছে তার পতন হয়।

২৯ ধিক তাকে যে বলে: আমরা ঈশ্বরের বাক্য পেয়েছি, এবং আমাদের আর ঈশ্বরের বাক্যের প্রয়োজন নেই, কারণ আমাদের যথেষ্ট আছে!

৩০ কারণ দেখো, প্রভু ঈশ্বর এই কথা বলেন: আমি মনুষ্য সন্তানদেরকে সারির পর সারি, উপদেশের পর উপদেশ দেবো, এখন একটু এবং তখন একটু দেবো; এবং ধন্য তারা, যারা আমার উপদেশ শোনে, এবং আমার পরামর্শে কর্ণপাত করে, কারণ তারা প্রজ্ঞা শিখবে; কারণ যে গ্রহণ করবে তাকে আমি আরো বেশি দেবো; এবং তাদের কাছ থেকে যারা বলবে, আমাদের যথেষ্ট আছে, তাদের যা আছে তাও তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হবে।

৩১ সে অভিশপ্ত, যে মানুষের উপর আস্থা রাখে, অথবা তার বাহুতে নির্ভর করে, অথবা মানুষের উপদেশ শোনে, যদি না তাদের উপদেশগুলো পবিত্র আত্মার শক্তিতে দেওয়া হয়।

৩২ বাহিনীগণের প্রভু বলেছেন, ধিক অযিহূদীদের! কারণ আমি দিনের পর দিন যদিও তাদের প্রতি আমার বাহু প্রসারিত করবো, তারা আমাকে অস্বীকার করবে; তবুও, আমি তাদের প্রতি করুণা করবো, প্রভু ঈশ্বর বলেন, যদি তারা অনুতাপ করে এবং আমার কাছে আসে; কারণ আমার বাহু সারাদিন ধরে প্রসারিত আছে, বাহিনীগণের প্রভু ঈশ্বর বলেন।