অধ্যায় ২৫
নেফী সুস্পষ্টতায় আনন্দ করেন—যিশাইয়ের ভবিষ্যদ্বাণী শেষকালে বোঝা যাবে—যিহূদীরা বাবিলন থেকে ফিরে আসবে, মশীহকে ক্রুশবিদ্ধ করবে, এবং ছড়িয়ে ছিটিয়ে পড়বে এবং আঘাত করা হবে—তাদের তখন পুনরুদ্ধার করা হবে যখন তারা মশীহকে বিশ্বাস করবে—লেহী যিরূশালেম ত্যাগ করার ছয়শো বছর পরে তিনি প্রথম আসবেন—নেফীয়রা মোশির আইন পালন করবে এবং খ্রীষ্টে বিশ্বাস করবে, যিনি ইস্রায়েলের পবিত্রতম। প্রায় ৫৫৯–৫৪৫ খ্রীষ্টপূর্বাব্দে
১ এখন আমি, নেফী, আমি যে বাক্যগুলো লিখেছি সে সম্পর্কে কিছুটা বলছি, যেগুলো যিশাইয়ের মুখ দিয়ে বলা হয়েছিলো। কারণ দেখো, যিশাইয় এমন অনেক কথা বলেছিলেন যা আমার জনগণের অনেকের পক্ষে বোঝা কঠিন ছিলো; কারণ তারা যিহূদীদের মধ্যে ভবিষ্যদ্বাণী করার পদ্ধতি সম্পর্কে জানে না।
২ কারণ আমি, নেফী, যিহূদীদের রীতিনীতি সম্বন্ধে তাদেরকে অনেক কিছুই শিক্ষা দিইনি; কারণ তাদের কাজগুলো ছিলো অপরাধের কার্যকলাপ, এবং তাদের কাজগুলো ছিলো জঘন্য কাজ।
৩ অতএব আমি আমার জনগণের কাছে লিখছি, তাদের কাছেই যারা আমার লেখা এই সমস্ত বিষয় পরে গ্রহণ করবে, যেনো তারা ঈশ্বরের বিচার জানতে পারে, তিনি যে বাক্য বলেছেন সেই অনুসারে, সেগুলো সমস্ত জাতির উপরে আসে।
৪ অতএব, হে আমার জনগণ, যারা ইস্রায়েলের বংশধর, শোনো, এবং আমার কথায় কর্ণপাত করো; কারণ যিশাইয়ের কথাগুলো তোমাদের কাছে স্পষ্ট নয়, তথাপি যারা ভবিষ্যদ্বাণীর আত্মাতে পরিপূর্ণ তাদের সকলের কাছে সেগুলো স্পষ্ট। কিন্তু আমার ভিতরে যে আত্মা রয়েছে, সেই অনুসারে আমি তোমাদেরকে একটা ভবিষ্যদ্বাণী দিচ্ছি; কারণ আমি আমার পিতার সঙ্গে যিরূশালেম থেকে বেরিয়ে আসার সময় থেকে আমার মধ্যে যে সুস্পষ্টতা ছিলো সেই অনুসারে ভবিষ্যদ্বাণী করবো; কারণ দেখো, আমার প্রাণ আমার জনগণের কাছে সুস্পষ্টতায় আনন্দিত হয়, যাতে তারা শিখতে পারে।
৫ হ্যাঁ, যিশাইয়ের বাক্যে আমার প্রাণ আনন্দিত হয়, কারণ আমি যিরূশালেম থেকে বেরিয়ে এসেছি, এবং আমার চোখ যিহূদীদের বিষয়গুলো দেখেছে, এবং আমি জানি যে, যিহূদীরা ভাববাদীদের কথা বোঝে, এবং যিহূদীদের কাছে যা বলা হয়েছিলো তা তাদের মতো আর কোনো জনগণই তা বোঝে না, কেবল যিহূদীদের রীতি অনুযায়ী তাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে।
৬ কিন্তু দেখো, আমি, নেফী, যিহূদীদের রীতি অনুসারে আমার সন্তানদের শিক্ষা দিইনি; কিন্তু দেখো, আমি নিজেই, যিরূশালেমে বাস করেছি, অতএব চারিদিকের অঞ্চল সম্বন্ধে আমি জানি; আর যিশাইয় যা বলেছেন, সেই সব অনুসারে, আমি আমার সন্তানদের ঈশ্বরের বিচার সম্পর্কে জানিয়েছি যা যিহূদীদের মধ্যে ঘটেছে তা আমার সন্তানদের মধ্যে আসবে এবং আমি তা লিখিনি।
৭ কিন্তু দেখো, আমি আমার সুস্পষ্টতা অনুসারে, আমার নিজের ভবিষ্যদ্বাণী নিয়ে অগ্রসর হচ্ছি; যা থেকে আমি জেনেছি যে কোনো মানুষ ভুল করতে পারে না; তবুও, যে দিনগুলোতে যিশাইয়ের ভবিষ্যদ্বাণীগুলো পূর্ণ হবে, সেই দিনগুলোতে লোকেরা একটা নিশ্চয়তা সম্পর্কে জানতে পারবে, যখন সেগুলো ঘটবে।
৮ অতএব, মনুষ্য সন্তানদের কাছে সেগুলো মূল্যবান, এবং যে মনে করে যে সেগুলো নয়, আমি বিশেষভাবে তাদের সাথে কথা বলবো, এবং বাক্যগুলো আমার নিজের জনগণের মধ্যে সীমাবদ্ধ রাখবো; কারণ আমি জানি যে সেগুলো শেষকালে তাদের জন্য অনেক মূল্যবান হবে; কেননা সেই দিন তারা সেগুলো বুঝবে; তাই, তাদের ভালোর জন্যই আমি সেগুলো লিখেছি।
৯ এবং যিহূদীদের মধ্যে যেমন একটা প্রজন্ম অন্যায়ের কারণে ধ্বংস হয়ে গেছে, এমনকি পুরুষ পুরুষানুক্রমে তাদের অন্যায় অনুসারে তারা ধ্বংস হয়েছে; এবং প্রভুর ভাববাদীদের দ্বারা তাদের ভবিষ্যদ্বাণী করা ছাড়া তাদের মধ্যে কেউ কখনও ধ্বংস হয়নি।
১০ অতএব, আমার পিতা যিরূশালেম ত্যাগ করার পরেই তৎক্ষনাৎ, তাদের উপর যে ধ্বংস নেমে আসবে সেই সম্পর্কে তাদের বলা হয়েছে; তবুও, তারা তাদের হৃদয় কঠোর করলো; এবং আমার ভবিষ্যদ্বাণী অনুসারে তারা ধ্বংস হয়ে গেছে, কেবল তারা ছাড়া যাদের বাবিলনে বন্দি করে নিয়ে যাওয়া হয়েছে।
১১ এবং এখন আমার মধ্যে যে আত্মা আছে তার কারণেই আমি এই কথা বলছি। এবং তাদেরকে নিয়ে যাওয়া সত্ত্বেও তারা আবার ফিরে আসবে, এবং যিরূশালেমের ভূমি অধিকার করবে; অতএব, তারা আবার তাদের উত্তরাধিকার ভূমি পুনরুদ্ধার করবে।
১২ কিন্তু দেখো, তাদের মধ্যে যুদ্ধ এবং যুদ্ধের গুজব থাকবে; এবং যখন সেই দিন আসবে যে, পিতার একজাত, হ্যাঁ, যিনি স্বর্গের ও পৃথিবীর পিতা দেহে তাদের কাছে নিজেকে প্রকাশ করবেন, দেখো, তাদের অন্যায়, তাদের হৃদয়ের কঠোরতা, এবং তাদের জেদের কারণে, তারা তাঁকে প্রত্যাখ্যান করবে।
১৩ দেখো, তারা তাঁকে ক্রুশবিদ্ধকরবে; এবং তিন দিনের জন্য সমাধিতে শায়িত হওয়ার পরে তিনি তাঁর আরোগ্য দানের ক্ষমতা নিয়ে মৃতগণের মধ্য থেকে উঠবেন; আর যারা তাঁর নামে বিশ্বাস করবে, তারা সকলে ঈশ্বরের রাজ্যে রক্ষা পাবে। অতএব, আমার আত্মা তাঁর বিষয়ে ভবিষ্যদ্বাণীতে আনন্দিত হয়, কারণ আমি তাঁর সময়কাল দেখেছি এবং আমার হৃদয় তাঁর পবিত্র নামের প্রশংসা করে।
১৪ এবং দেখো এটা ঘটবে যে, মশীহ মৃতগণের মধ্য থেকে উঠবেন এবং তাঁর জনগণের কাছে নিজেকে প্রকাশ করার পর, অনেকজন তাঁর নামে বিশ্বাস করবে, দেখো, যিরূশালেম আবার ধ্বংস হবে; কারণ ধিক তাদের যারা ঈশ্বর এবং তাঁর মন্ডলীর জনগণের বিরুদ্ধে যুদ্ধ করে।
১৫ অতএব, যিহূদীরা সমস্ত জাতির মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়বে; হ্যাঁ, এবং বাবিলনও ধ্বংস হবে; অতএব, যিহূদীরা অন্যান্য জাতি দ্বারা ছড়িয়ে পড়বে।
১৬ এবং তারা ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার পরে, এবং প্রভু ঈশ্বর বহু প্রজন্ম ধরে অন্যান্য জাতির দ্বারা তাদের আঘাত করেছেন, হ্যাঁ, এমনকি পুরুষ পুরুষানুক্রমে ধরে যতক্ষণ না তারা ঈশ্বরের পুত্র, খ্রীষ্টে, এবং প্রায়শ্চিত্তে বিশ্বাস করতে রাজি হয়, যা সমস্ত মানবজাতির জন্য অসীম—এবং যখন সেই দিন আসবে যে তারা খ্রীষ্টে বিশ্বাস করবে, এবং বিশুদ্ধ অন্তঃকরণ ও শুদ্ধ হস্তে পিতার উপাসনা করবে, এবং অন্য কোনো মশীহের জন্য আর অপেক্ষা করবে না, তারপর, সেই সময়, এমন দিন আসবে যে তাদেরকে এই সকল বিষয়ে বিশ্বাস করতে হবে।
১৭ এবং প্রভু তাঁর জনগণকে তাদের হারানো এবং পতিত অবস্থা থেকে পুনরুদ্ধার করার জন্য দ্বিতীয়বার আবার তাঁর হাত প্রসারিত করবেন। অতএব, তিনি মনুষ্য সন্তানদের মধ্যে একটা আশ্চর্য এবং একটা চমৎকার কাজ করতে এগিয়ে যাবেন।
১৮ অতএব, তিনি তাদের কাছে তাঁর বাক্যগুলো প্রকাশ করবেন, যে বাক্যগুলো শেষ দিনে তাদের বিচার করবে, কারণ সত্য মশীহ সম্পর্কে তাদের বিশ্বাস করার উদ্দেশ্যে তাদের সেগুলো দেওয়া হবে, যিনি তাদের দ্বারা প্রত্যাখ্যান হয়েছিলেন; এবং তাদের বোঝানোর জন্য যে মশীহের আগমনের জন্য তাদের আর অপেক্ষা করতে হবে না, কারণ সেখানে আর কেউ আসবে না, একজন মিথ্যা মশীহ ছাড়া যিনি জনগণকে প্রতারিত করবেন; কারণ ভাববাদীদের দ্বারা একজন মশীহের কথা বলা হয়েছে, এবং সেই মশীহ হলেন তিনি যিনি যিহূদীদের দ্বারা প্রত্যাখ্যান হবেন।
১৯ কারণ ভাববাদীদের বাক্য অনুসারে, আমার পিতা যিরূশালেম ত্যাগ করার সময় থেকে ছয়শো বছর পরে মশীহ আসেন; আর ভাববাদীদের বাক্য এবং ঈশ্বরের দূতের বাক্য অনুসারে, তাঁর নাম হবে যীশু খ্রীষ্ট, ঈশ্বরের পুত্র।
২০ এবং এখন, আমার ভাইয়েরা, আমি স্পষ্টভাবে বলেছি যাতে তোমরা ভুল করতে না পারো। এবং জীবন্ত প্রভু ঈশ্বরের দিব্যি যিনি ইস্রায়েলকে মিশর দেশ থেকে বের করে এনেছিলেন, এবং মোশিকে এই ক্ষমতা দিয়েছিলেন যাতে তিনি জাতিগুলোকে বিষাক্ত সাপের দ্বারা দংশিত হওয়ার পরে সুস্থ করেন, যদি তারা তাদের সামনে উত্থাপিত সাপের প্রতি তাদের দৃষ্টি নিক্ষেপ করে, এবং তাঁকে সেই ক্ষমতাও দেয়া হয়েছিলো যে তিনি পাথরটা আঘাত করবেন এবং সেখান থেকে জল বেরিয়ে আসবে; হ্যাঁ, দেখো আমি তোমাদের বলছি যে, এই সব সত্য, এবং জীবন্ত প্রভু ঈশ্বরের দিব্যি, স্বর্গের নীচে এই যীশু খ্রীষ্ট ছাড়া আর কারও নাম দেওয়া হয়নি, যাঁর কথা আমি বললাম, যার দ্বারা মানুষ রক্ষা পেতে পারে।
২১ অতএব, এই কারণে প্রভু ঈশ্বর আমার কাছে প্রতিজ্ঞা করেছেন যে আমি যা লিখি তা সুরক্ষা এবং সংরক্ষণ করা হবে, এবং পুরুষ পুরুষানুক্রমে, আমার বংশধরদের কাছে হস্তান্তর করা হবে, যাতে যোষেফের কাছে সেই প্রতিজ্ঞা পূর্ণ হয়, যে যতদিন পৃথিবীর অস্তিত্ব থাকবে ততদিন তার বংশধর কখনো ধ্বংস হবে না।
২২ অতএব, যতদিন পৃথিবীর অস্তিত্ব থাকবে ততদিন এই জিনিসগুলো পুরুষ পুরুষানুক্রমে যাবে; এবং সেগুলো ঈশ্বরের ইচ্ছা এবং সন্তুষ্টি অনুযায়ী যাবে; আর যে জাতি সেগুলোকে অধিকার করবে তাদেরকে লিখিত বাক্য অনুসারে বিচার করা হবে।
২৩ কারণ আমরা লিখতে অধ্যবসায়ের সাথে পরিশ্রম করি, যাতে আমাদের সন্তানদের, এবং আমাদের ভাইদেরও, খ্রীষ্টে বিশ্বাস করতে, এবং ঈশ্বরের সাথে পুনর্মিলিত হওয়ার জন্য রাজি করতে পারি; কারণ আমরা জানি যে আমরা সবকিছু করার পরে, অনুগ্রহের দ্বারাই আমরা রক্ষা পেতে পারি।
২৪ এবং, আমরা খ্রীষ্টে বিশ্বাস করা সত্ত্বেও, আমরা মোশির আইন পালন করি, এবং বিধান পূর্ণ না হওয়া পর্যন্ত, আমরা দৃঢ়তার সাথে খ্রীষ্টের জন্য অপেক্ষা করি।
২৫ কেননা, এ উদ্দেশ্যে বিধান প্রদান করা হয়েছিলো; অতএব বিধান আমাদের কাছে মৃত হয়েছে, এবং আমাদের বিশ্বাসের জন্য খ্রীষ্টে আমরা জীবিত হয়েছি; তবুও আমরা আজ্ঞার কারণে বিধান পালন করি।
২৬ এবং আমরা খ্রীষ্টের কথা বলি, আমরা খ্রীষ্টে আনন্দ করি, আমরা খ্রীষ্টের প্রচার করি, আমরা খ্রীষ্টের ভবিষ্যদ্বাণী বলি, এবং আমরা আমাদের ভবিষ্যদ্বাণী অনুসারে লিখি, যাতে আমাদের সন্তানেরা জানতে পারে যে কোন উৎস থেকে তারা তাদের পাপের ক্ষমা পাবে।
২৭ অতএব, আমরা বিধানের বিষয়ে কথা বলি যাতে আমাদের সন্তানেরা বিধানের অসাড়তা জানতে পারে; এবং বিধানের অসাড়তা সম্বন্ধে জানার পরে, খ্রীষ্টে যে জীবন আছে তার প্রত্যাশা করতে পারে, এবং জানতে পারে যে, কোন উদ্দেশ্যে বিধান দেওয়া হয়েছিলো। এবং খ্রীষ্টে বিধান পূর্ণ হওয়ার পর, যখন বিধান পরিত্যাগ করা উচিত তখন তাঁর বিরুদ্ধে তাদের হৃদয় কঠোর করার প্রয়োজন নেই।
২৮ এবং এখন দেখো, আমার ভাইয়েরা, তোমরা জেদী লোক; অতএব, আমি তোমাদের স্পষ্টভাবে বলেছি, যাতে তোমরা ভুল না বোঝো। এবং যে বাক্যগুলো আমি বলেছি সেগুলো তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে দাঁড়াবে; কেননা যে কোনো মানুষকে সঠিক পথে শিক্ষা দেওয়ার জন্য এগুলোই যথেষ্ট; কারণ সঠিক পথ হলো খ্রীষ্টে বিশ্বাস করা এবং তাঁকে অস্বীকার না করা; কেননা তাঁকে অস্বীকার করার মাধ্যমে তোমরা ভাববাদীদের এবং বিধানকেও অস্বীকার করো।
২৯ এবং এখন দেখো, আমি তোমাদেরকে বলছি যে, সঠিক পথ হলো খ্রীষ্টে বিশ্বাস করা, এবং তাঁকে অস্বীকার না করা; এবং খ্রীষ্ট ইস্রায়েলের পবিত্রতম; অতএব তুমি তাঁর সামনে নত হবে, এবং তোমার সমস্ত শক্তি, মন ও ক্ষমতা এবং তোমার সমস্ত আত্মা দিয়ে তাঁর আরাধনা করবে; এবং যদি তোমরা তা করো তোমাদেরকে কোনভাবেই বিতাড়িত করা হবে না।
৩০ এবং, যতটা প্রয়োজন হবে, মোশিকে দেওয়া বিধান পূর্ণ না হওয়া পর্যন্ত তোমরা অবশ্যই ঈশ্বরের ধর্মানুষ্ঠান এবং তোমাদের কার্য সম্পাদন বজায় রাখবে।